শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। রাতের অন্ধকারে ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের পেটানোর অভিযোগ উঠেছে ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বিরুদ্ধে। আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে বাম সংগঠনের দুই ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০ টার দিকে লাঠি রড হাতে একদল লোক পূর্বপল্লী সিনিয়র বয়েজ হস্টেলে ঢুকে পড়ে মারধর-ভাঙচুর শুরু করে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই ছাত্র বিক্ষোভ চলছে বিশ্বভারতীতে। বিক্ষোভকারীদের দাবি, উপাচার্য আক্রমণকারীদের চিহ্নিত করে শাস্তি না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। তবে এবিভিপি সংঘর্ষে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। গত ৮ জানুয়ারি ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সেমিনার করতে গিয়ে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ-ঘেরাওয়ের মুখে পড়েছিলেন বিজেপি এমপি স্বপন দাশগুপ্ত। তখন থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ছিল। -আনন্দবাজার