বঙ্গবন্ধুর সমাধিতে খুলনা মহানগর আ.লীগ ও মেরিটাইম ইউনিভার্সিটির শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এডমিরাল এম খালেদ ইকবালের নেতৃত্বে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১ টায় জাতির পিতার সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের  শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।

এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের  মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, খুলনা মহানগর শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম মোল্লা, খুলনা মহানগর যুবলীগ সভাপতি শফিকুর রহমান পলাশ, খুলনা মহানগর ছাত্রলীগের আহবায়ক শেখ শাহ জালাল সুজন, খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা রুনু সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় এক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ভোট পেছানোর দাবিতে অনশনরত ২ ঢাবি শিক্ষার্থী হাসপাতালে

এছাড়া, এ দিন সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর এডমিরাল এম খালেদ ইকবাল। এরপর ভিসি জাতির জনকের পিতা, মাতা ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অনুষদ প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ভাইস চ্যান্সেলর এডমিরাল এম খালেদ ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গবন্ধু জাদুঘর, লাইব্রেরী, প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। পরে বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এলাকার প্রায় ৫ শতাধিক শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন তারা।

ইত্তেফাক/আরআই