সংগীতশিল্পী সৈয়দ শহীদ। বর্তমানে ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি নিজের একক গান, স্টেজ ও ব্যান্ডের গান নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সার্বিক এই প্রসঙ্গে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
কেমন আছেন?
সব কিছু নিয়ে ভালোই আছি।
এই সময়ে সংগীতশিল্পীদের মূল ব্যস্ততা থাকে স্টেজ নিয়ে। আপনার ব্যস্ততা প্রসঙ্গে জানতে চাই—
আসলে আমি ব্যস্ত সংগীতশিল্পী না। তাই গান নিয়ে অনেক ব্যস্ত থাকা আমার হয় না। তবে শীতের এই সময়টা স্টেজের ব্যস্ততা কিছুটা থাকে। কিছুদিন আগে টিএসসিতে একটি কনসার্ট করলাম। এছাড়া ভালো শোয়ের প্রস্তাব এলে সেগুলো মাঝে মাঝে করি।
অনেকদিন ‘দূরবীন’ নিয়ে খোঁজ নেই। নতুন বছরে নতুন কোনো পরিকল্পনা আছে কি-না?
শিগগিরই ব্যান্ডের নতুন গান রিলিজ পাবে। গানের কাজ চলছে। প্রায় শেষের দিকে কাজগুলো। পাশাপাশি আমার একক গান নিয়েও কাজ চলছে।
এক সময় গান নিয়ে যে উন্মাদনা ছিল, তা এখন নেই। বিষয়টি কীভাবে দেখেন?
সময়ের সঙ্গে গান শোনার অভিজ্ঞতা পাল্টেছে। এক সময় অডিওর দোকানে ভিড় থাকতো। তাই উন্মাদনাটা ছিল ও চোখে পড়তো। এখন একবারে নেই তা নয়, কিন্তু সব ডিজিটাল। তাই চোখে দেখা কম যায়। এছাড়া আমাদের গানের সার্বিক অবস্থা তো আগের মতো নেই।
এখন অনেক সংগীতশিল্পী বলছেন গানের মিউজিক ভিডিও থেকে লগ্নি ফেরত আসছে না। তাই বিকল্প চিন্তা করছেন অনেকে। আপনি কী বলবেন?
যেহেতু এখন গান রিলিজ দেওয়ার অন্যতম মাধ্যম ইউটিউব। তাই মিউজিক ভিডিওটা প্রয়োজন। কিন্তু সেটি শুধু প্রচারের জন্য হলেই ভালো। মিউজিক ভিডিওর জন্য অনেক টাকা খরচ না করে তা দিয়ে গান তৈরি করা ভালো। ছোট পরিসরে ছোট বাজেটের একটি মিউজিক ভিডিওই গানের জন্য যথেষ্ট। যদি গানের মান ভালো হয়!