গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
রংপুরের গঙ্গাচড়ায় এবার আগাম আলুর ফলন ভালো। কৃষকরা জানান, পরপর কয়েকবার আলুর দাম কম হওয়ার কারণে কৃষকরা আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলে। এ কারণে এবারে গঙ্গাচড়ায় আলু চাষ কমে গেছে। গত বছর কৃষক আগাম আলু আবাদ করে মার খেয়েছে। তারপরও অনেকে আবাদ করেছেন। ব্যবসায়ীরা জানান, গত বছর কোল্ডস্টোরেজে এখন পর্যন্ত পুরাতন আলু ছিল। কিন্তু এ বছর কোল্ডস্টোরেজে সংরক্ষিত আলু অনেক আগে শেষ হয়ে গেছে। যার কারণে নতুন আলুর দাম পাচ্ছে কৃষকরা। সরেজমিনে উপজেলার চর চালাপাক, চেংমারী ও মাদ্রাইন এলাকা ঘুরে দেখা গেছে কৃষকরা আগাম আলু তুলছেন। চর চালাপাক এলাকার তাজউদ্দিন বলেন, এ বছর তিনি আগাম হিসেবে ৩৩ শতক জমিতে আলু লাগিয়েছেন। তার খরচ হয়েছে ১১ হাজার টাকা। আলু বিক্রি করে তিনি পেয়েছেন ৩১ হাজার টাকা। একই এলাকার ফজলু মিয়া বলেন, তিনি চার বিঘা জমিতে আগাম আলু চাষ করে খরচ বাদে ৪০ হাজার টাকা লাভ করেছেন। ঐ জমিতে তিনি আবার বাদাম লাগাবেন। তবে কৃষকরা জানান, আগাম আলু চাষে আবহাওয়া অনুকূলে ছিল। যার কারণে খরচ অনেক কম হয়েছে। ফলনও আশানুরূপ হয়েছে। বর্তমানে বাজারে আলু বিশেষে প্রতি বস্তা আলু (৯০ কেজি) ১ হাজার ৪০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকাদরে বিক্রি হচ্ছে বলে কৃষকরা জানান।