রাণীনগরে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষক

ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

উত্তরের হিমেল হাওয়া, হাড় কাঁপানো প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করেই রাণীনগরে বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা। তবে ধান রোপণে বিলম্ব হওয়ায় ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। উপজেলার হরিশপুর গ্রামের বর্গা চাষি আইনুল ইসলাম বলেন, গত বছর তিনি আট বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলেন। এবার করছেন পাঁচ বিঘা জমিতে। এর মধ্যে নিজের রয়েছে এক বিঘা। আর বাকিটা জমি মালিকের। প্রচণ্ড শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে জমি তৈরির কাজ প্রায় শেষের দিকে। আর কয়েক দিনের মধ্যে চারাগাছ রোপণ করা শুরু করব। খট্টেশ্বর গ্রামের কৃষক ছালাউদ্দিন বলেন, পৌষ মাসের শুরুতেই বোরো ধান রোপণ করা শেষ হওয়া উচিত ছিল। কিন্তু প্রচণ্ড শীত আর ঘন কুয়াশার কারণে কৃষকরা মাঠে নামতে পারেননি। তাই চলতি মৌসুমে বোরো ধান রোপণে কিছুটা বিলম্ব হয়ে গেল। এতে করে ফলনও একটু ব্যাহত হতে পারে। এ বছর তিনি ১০ বিঘা জমিতে বোরো ধান রোপণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, ধানের দাম না থাকায় গত কয়েক বছর থেকে বোরো ধানের আবাদ আশঙ্কাজনক হারে কম হচ্ছে। এ পর্যন্ত উপজেলায় প্রায় ৪৫ শতাংশ জমিতে বোরো ধান রোপণ হয়েছে।