পাবনা প্রতিনিধি
নানা আয়োজনে শুক্রবার পালিত হয়েছে বাংলা চলচ্চিত্রের মহানায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের ষষ্ঠ প্রয়াণ দিবস। পাবনা জেলা প্রশাসকের উদ্যোগে ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে সুচিত্রা সেনের পৈতৃক বসতবাড়িতে নির্মিত সুচিত্রা সেনের ভাস্কর্যের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও স্থানীয় সংস্কৃতিকর্মীরা। পরে গোপালপুর মহল্লায় সুচিত্রার বসতবাড়ি থেকে স্কুল-কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা ব্যানার নিয়ে স্মরণ পদযাত্রা বের করেন। পদযাত্রা শহর প্রদক্ষিণ করে সুচিত্রা সেনের কৈশোর জীবনের শিক্ষাপ্রতিষ্ঠান আগের মহাখালী পাঠশালা (বর্তমানে টাউন হল স্কুল) প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সুচিত্রা স্মরণে তার জীবনীর ওপর সংক্ষিপ্ত আলোচনা। পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর কামরুজ্জামান, শিক্ষাবিদ লেখক প্রফেসর মনোয়ার হোসেন জাহেদী, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ। আলোচনাসভা শেষে অনুষ্ঠিত হয় সুচিত্রা সেন অভিনীত বিভিন্ন চলচ্চিত্রের গানের অনুষ্ঠান। বিকালে মহানায়িকার বসতবাড়ি স্মৃতি সংগ্রহশালায় দেখানো হয় সুচিত্রা সেন অভিনীত বাংলা ছবি।