‘নগর পুড়িলে কি দেবালয় এড়ায়’

আদর্শের প্রশ্নে অনেকে বলিতেন, মস্কোয় বৃষ্টি হইলে কেহ কেহ অতি ভালোবাসায় ঢাকায় বসিয়াও নিজের মাথায় ছাতা তুলিয়া ধরেন। কিন্তু মস্কোয় যদি দাবানল হয়, তবে কেহ কি অতি ভালোবাসায় দাবানলের দূষিত ধোঁয়া হইতে রক্ষা পাইতে মুখে মাস্ক পরিবেন? পরিলে তাহাতে হাসিবার কিছু নাই। কারণ, এমনটি ঘটিতেই পারে। আমরা যে এই মাতৃপৃথিবীর বাসিন্দা, তাহা পুনরায় প্রমাণ করিয়াছে অস্ট্রেলিয়ার দাবানল। বিস্ময়কর হইলেও সত্য, অস্ট্রেলিয়ার দাবানলের ধোঁয়া প্রায় ১২ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়া পৌঁছাইয়া গিয়াছে দক্ষিণ আমেরিকায়! সেই মহাদেশের প্রায় ২০ হাজার ফুট উপরে অবস্থান করিতেছে এই ধোঁয়া। দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় ৮০ হাজার বর্গকিলোমিটার এলাকা পুড়িয়া ছাই হইয়া গিয়াছে, যাহা গোটা আয়ারল্যান্ডের আয়তনের সমান। রেকর্ডকৃত তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার দাবানলের ধোঁয়া ১৭ দশমিক কিলোমিটার উঁচুতে উঠিয়া গিয়াছে। অর্থাত্, ধোঁয়া পৌঁছাইয়া গিয়াছে বায়ুর পাঁচ স্তরের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডলে। নাসা বলিতেছে, একবার স্ট্রাটোমণ্ডলে ধোঁয়া পৌঁছাইতে পারিলে যেকোনো ধোঁয়া হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে পারে। এবং বিশ্বের বায়ুমণ্ডলীয় পরিস্থিতিকে তাহা প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত করিতে পারে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস অ্যাটমসফিয়ার মনিটরিং সার্ভিসের তথ্য অনুযায়ী এই ধোঁয়া ছড়াইয়া পড়িয়াছে আটলান্টিকের উপকূল পর্যন্ত। অস্ট্রেলিয়ায় অগ্নিকাণ্ড কেবল স্থানীয়ভাবে ধ্বংসাত্মক ঘটনা ঘটাইতেছে না, বরং শুষ্কতার সহিত মিলিত উষ্ণ তাপ অন্তর্ভুক্ত হইয়া ইহা একটি অস্বাভাবিক বড়ো পুঞ্জীভূত মেঘ (যাহাকে বলা হয় পাইরোকুমুলো নিম্বাস) তৈরি করিয়াছে। স্পষ্টতই অস্ট্রেলিয়ার দাবানলের ধোঁয়া ছড়াইয়া পড়িয়াছে বিশ্বময়, যাহা অনেক দেশেরই বায়ুমানের উপর প্রভাব ফেলিতেছে তাত্পর্যপূর্ণ মাত্রায়। এমনকি ধোঁয়া ছাইয়ের কারণে সৃষ্টি হইতে পারে অতিরিক্ত বজ্রঝড়। অস্ট্রেলিয়ায় এইবারের দাবানলের জন্য অনেকেই জলবায়ু পরিবর্তনকে দায়ী করিতেছে। গত চার মাসে দাবানলের কারণে অস্ট্রেলিয়ায় কমপক্ষে ২৮ জন মারা গিয়াছে। ধ্বংস হইয়াছে কয়েক হাজার ঘরবাড়ি। জলবায়ু পরিবর্তনবিষয়ক যুক্তরাজ্যের মেট অফিস হাডলে সেন্টারের গবেষকেরা মনে করেন, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভবিষ্যতের উষ্ণতর বিশ্বে যাহা হইবে সাধারণ পরিস্থিতি, তাহারই একটি দৃষ্টান্ত অস্ট্রেলিয়ায় দেখা যাইতেছে। এই ভয়াবহ দাবানলের আগুনে প্রায় ১০ লাখ বর্গকিলোমিটার গুল্ম, বন পার্ক পুড়িয়া গিয়াছে।

আমরা যে একই বিশ্বের একটি সাধারণ ছাতার নিচে বসবাস করিতেছি, অস্ট্রেলিয়ার এই দাবানল আরেকবার তাহা প্রমাণ করিল। বলিবার অপেক্ষা রাখে না, এই আগুন হইতে যেই ব্যাপক পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নির্গত হইয়াছে, তাহার ভাগ লইতে হইবে সারা বিশ্বকেই। নগর পুড়িলে আমার কী, আমি তো দেবালয়ে রহিয়াছিএমনটি যাহারা ভাবেন, তাহাদের উদ্দেশেঅন্নদামঙ্গলকাব্যে ভারতচন্দ্র রায় গুণাকর বলিয়াছেননগর পুড়িলে কি দেবালয় এড়ায়? সুতরাং এই বিশ্বকে সুন্দর বসবাসযোগ্য রাখিতে হইলে প্রতিটি রাষ্ট্রকেই নিজ নিজ দেশে সদর্থক ভূমিকা রাখিতে হইবে।