জয়পুরহাটে জমে উঠেছে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে জমে উঠেছে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী নিয়ে শুরু হওয়া বিজ্ঞান, প্রযুক্তি ও শিল্প মেলা-২০২০। জয়পুরহাটের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ চত্বরে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা।  বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন সরকারের যুগ্মসচিব ও ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি (আইএমএমএম)-এর সদস্য (উন্নয়ন) মো. জাকের হোছাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএমএমএম জয়পুরহাটের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান। আজ শনিবার মেলার সমাপনীতে উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের তত্ত্বাবধানে খনি প্রধান উত্তরবঙ্গের জেলা শহর জয়পুরহাটে গড়ে উঠেছে দেশের প্রথম ও একমাত্র খনি, খনিজ ও ধাতব বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইএমএমএম। জয়পুরহাটের খনজনপুরের আইএমএমএম ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের বিজ্ঞান মেলায় জয়পুরহাট, বগুড়া, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৬২ জন শিক্ষার্থীর ১৮৩টি উদ্ভাবনী স্টল রয়েছে বলে জানান আইএমএমএম জয়পুরহাটের পরিচালক ড. মোহাম্মদ নাজিম জামান।