স্বামীর নির্যাতন সইতে না পেরে যমুনা পাড়ি দিয়ে থানায়!

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

নারী স্বামীর নির্যাতন সইতে না পেরে জীবন বাঁচাতে শীতের রাতে যমুনা পাড়ি দিয়ে থানায় চলে আসলেন কামরুন্নাহার রিনা নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার গভীর রাতের এ ঘটনায় এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে। থানার ওসি তাত্ক্ষণিক শুকনো পোশাক ও কম্বল দিয়ে ঐ নারীকে শীতের প্রকোপ থেকে রক্ষা করে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে স্বামী রায়হানকে আটক করা হয়।

জানা গেছে, প্রস্তমপুর গ্রামের রায়হান কবীরের সঙ্গে ছয় বছর আগে বিয়ে হয় ঐ নারীর। তাদের সংসারে চার বছরের একটি ছেলে রয়েছে। রায়হান প্রায়ই স্ত্রী রিনাকে মারধর করে আসছিল। বৃহস্পতিবার লাঠি দিয়ে রিনাকে বেদম মারধর করলে স্বামীর বাড়ি থেকে রাত ১২টায় শাখা যমুনা নদী সাঁতরে পার হয়ে বিরামপুর থানায় এসে হাজির হয়।

ওসি মনিরুজ্জামান বলেন, রিনার সংসার ঠিক রাখার লক্ষ্যে বিষয়টি উভয় পক্ষ নিষ্পত্তির চেষ্টা করছে। তবে নির্যাতিতা রিনা লিখিত অভিযোগ দিলে তাত্ক্ষণিকভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।