খবির উদ্দিন, তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা
রংপুরের তারাগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে ফসলি জমির উপরি ভাগের মাটি। খননযন্ত্র দিয়ে কেটে এসব মাটি বিক্রি করা হচ্ছে ইটভাটায়। একশ্রেণির ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে ইটের ভাটায় সরবরাহ করছেন। এর ফলে সামনের বছরগুলোতে ফসল উত্পাদনে এর প্রভাব পড়বে বলে জানায় স্থানীরা। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অশোক কুমার রায় জানান, উপরিভাগের ছয় থেকে ১০ ইঞ্চির মধ্যে জমির খাদ্য ও জৈব উপাদান থাকে। এ অংশের মাটি কেটে ফেলা হলে খাদ্য ও জৈব উপাদান কমে গিয়ে জমির উর্বরতা শক্তি কমে যায়। আলমপুর ইউপি চেয়ারম্যান মন্জুর কাদের বলেন, আবাদি জমির মাটি কেটে ভাটায় দেওয়ার বিষয়ে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি অফিসারকে জানানো হয়েছে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অশোক কুমার রায় বলেন, আলমপুর ইউপি চেয়ারম্যানের মাধ্যমে অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।