‘মুশফিকের অনুপস্থিতি তরুণদের জন্য সুযোগ’

বাংলাদেশের পাকিস্তান সফর

স্পোর্টস রিপোর্টার

সবকিছু ঠিক থাকলে আগামী ২২ জানুয়ারি পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলে ফিরে আসবে বাংলাদেশ। এই টি-২০ সিরিজে বাংলাদেশ পাচ্ছে না মুশফিকুর রহিমকে। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার সিরিজের দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। পাকিস্তান সিরিজের দলে তাকে না রাখতে নির্বাচকদের অনুরোধ করেছেন মুশফিক।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমকে। প্রধান নির্বাচককে পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। নির্বাচকরা এই ক্রিকেটারকে বলেছেন, বিষয়টি আনুষ্ঠানিকভাবে লিখিত জানাতে।

মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘মুশফিক আমাকে কল দিয়েছে এবং জানিয়েছে সে পাকিস্তানে যাচ্ছে না। আমি তাকে একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়ার জন্য বলেছি। সে এটা দিলে আমরা তাকে পাকিস্তান সিরিজের দলে নেব না।’ যদিও মুশফিককে রেখেই পাকিস্তান সফরের দল তৈরি করেছিলেন নির্বাচকরা। মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে গঠিত দলটা দ্রুতই ঘোষণা করবে বিসিবি।

জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোও অবগত আছেন পাকিস্তান সফরে পাবেন না নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিককে। তবে এই প্রোটিয়া কোচ মুশফিকের অনুপস্থিতিকে দেখছেন তরুণদের জন্য সুযোগ হিসেবে। তার আশা, তরুণরা এই সুযোগটা কাজে লাগাবেন। মিডল অর্ডারে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের অভাবটা ভোগাতে পারে বাংলাদেশকে। মুশফিকের নাম প্রত্যাহার করা প্রসঙ্গে গতকাল আলাপচারিতায় ডমিঙ্গো বলেছেন, ‘এটা নির্বাচকদের জিজ্ঞাসা করুন। তারা ভালো বলতে পারবে।’

অপর প্রশ্নে ডমিঙ্গো বলেছেন, ‘আমি জানি (মুশফিক থাকছে না)। কিন্তু দলগঠনের কাজটা নির্বাচকদের।’ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হওয়া সাকিব আল হাসান নেই। মিডল অর্ডারে মুশফিকের নির্ভরতাও থাকছে না। পাকিস্তান সফরে ব্যাটিংয়ে বড়ো চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ।

ডমিঙ্গো অবশ্য এটিকে তরুণদের জন্য সুযোগ বলছেন। গতকাল তিনি বলেছেন, ‘এটা তরুণদের জন্য দারুণ সুযোগ।’

এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ইঙ্গিত দিয়েছিলেন যে, পাকিস্তান সফরে অনীহা রয়েছে মুশফিকের। অবশ্য নিরাপত্তা ঝুঁকি নয়, পারিবারিক কারণেই মূলত পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিক। বিপিএল শুরুর আগে মুশফিকের চাচাতো বোনের বিয়ে ঠিক হয়েছে। আগামী ২৪ জানুয়ারি বিয়ে অনুষ্ঠিত হবে। জাতীয় দলের এই ক্রিকেটারের উপস্থিতিতেই কন্যাকে পাত্রস্থ করতে চান তার চাচা।

এই প্রসঙ্গে মুশফিকের বাবা মাহবুব হামিদ সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি কলকাতায় ওর টেস্ট ম্যাচটি দেখতে গিয়েছিলাম। সেখানে আমাকে বলেছিলে ওর বিশ্রাম প্রয়োজন। অনেক দিন বিশ্রাম পায় না। এর চাইতেও বড়ো কারণ হলো, ওর চাচাতো বোনের বিয়ে। আমার বড়ো ভাইয়ের মেয়ের বিয়ে ঠিক হয়েছে। ঠিক করার আগে মুশফিকের কাছে তারিখ জানতে চাওয়া হলো, ও বলল, ২৪ জানুয়ারি। যেহেতু ১৭ তারিখ বিপিএলের ফাইনাল সেহেতু ঐ দিনটির কথা বলেছে।’

গত নভেম্বরে দিল্লিতে মুশফিকের হাফ সেঞ্চুরিতেই ভারতকে প্রথম টি-২০ তে হারিয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু বিপিএলেও দারুণ ছন্দে ছিলেন এই ব্যাটসম্যান। গতকাল ফাইনালের আগ পর্যন্ত ১৩ ম্যাচে ৪টি হাফ সেঞ্চুরিতে ৪৭০ রান করেছিলেন মুশফিক। এই আসরের শীর্ষ রান সংগ্রাহকও তিনি। ইনফর্ম মুশফিককে হারানো তাই বাংলাদেশের জন্য বড়ো ধাক্কাই হবে।