প্রশিক্ষণ নিচ্ছেন ২০ হকি কোচ

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও বাংলাদেশ হকি ফেডারেশনের যৌথ ব্যবস্থাপনায় গতকাল শুরু হয়েছে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল স্পোর্টস সিস্টেম প্রকল্পের প্রথম পর্বের কোর্স।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের চার দিনব্যাপী এই বিশেষ কার্যক্রমে দেশের তৃণমূল পর্যায়ের ২০ জন হকি কোচ অংশগ্রহণ করছে। কোর্সের প্রধান ইনস্ট্রাক্টরের দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার হকি কোচ ও এফআইএইচ মাস্টার কোচ সিউং জিন ইউ। সিউং জিন ইউ কোরিয়া জাতীয় দলের হয়ে ১৯৮৮ সিউল অলিম্পিক গেমস ও ১৯৯৬ আটলান্টা অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেন। সাফল্য পেয়েছেন জাপান পুরুষ ও নারী জাতীয় দলের হেড কোচ হিসেবে। এই কোর্সের ন্যাশনাল কো-অর্ডিনেটর হিসেবে সিউং জিনের সঙ্গে কাজ করছেন অনুশীলনরত বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের কোচ মামুনর রশীদ। চার দিনের কোর্স শেষে ২১ ও ২২ জানুয়ারি দুই দিন অনূর্ধ্ব-২১ হকি দলের পরামর্শক হিসেবে কাজ করবেন সিউং জিন ইউ।