ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট

 রয়টার্স

গুয়াতেমালার নতুন প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়ামাতি ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এর আগে তিনি কারাকাস থেকে তাদের দূতাবাস সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

আলেজান্দ্রো গিয়ামাতি বৃহস্পতিবার বলেন, ‘আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে দূতাবাস সরিয়ে নেওয়ার ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি। আমরা এটা নির্দিষ্ট করে জানাচ্ছি যে ভেনিজুয়েলা সরকারের সঙ্গে আমাদের আর কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না। তবে দূতাবাস বন্ধ করে দেওয়া হলেও সেখানে মাত্র একজন ব্যক্তি থাকবেন।’ নির্বাচনে কারচুপির অভিযোগ আর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে ২০১৯ সালের শুরুতে ভেনিজুয়েলায় বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের সুযোগে ২৩ জানুয়ারি নিজেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে অবৈধ দাবি করে নিজেকে বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে অভ্যুত্থানের ডাক দেন তিনি। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। পরে কথিত ঐ অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের ঘোষণা দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এরপর যুক্তরাষ্ট্রসহ একে একে বেশ কিছু দেশ ভেনিজুয়েলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। এর আগে গুয়াতেমালার প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ভেনিজুয়েলায় অবস্থিত আমাদের দেশের শেষ নাগরিককে ফিরিয়ে আনা হবে। কেননা, আমরা দেশটির সঙ্গে সম্পর্ক রাখতে চাই না।’ তখন এর জবাবে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী জর্জ রদ্রিগেজ বলেছিলেন, গিয়ামাতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নতজানু হয়েছেন। তিনি বলেন, ‘তার সরকার আবার একটি হাস্যরসে পরিণত হবে। আমরা এখনো দেশটির সাধারণ মানুষের আবেগের প্রতি শ্রদ্ধাশীল।’