উচ্ছেদ অভিযান, পালটাপালটি অভিযোগ
ইত্তেফাক রিপোর্ট
মিরপুর দুয়ারীপাড়া এলাকায় গণপূর্তের উচ্ছেদ অভিযানে পুলিশের সঙ্গে দখলবাজদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফা ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য ও স্থানীয়রা আহত হয়েছেন। তবে গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দুয়ারীপাড়া এলাকার ২৩ একর জায়গার অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালায়। এলাকার বাসিন্ধারা বলেন, দুয়ারীপাড়া ওয়াক্ফ এস্টেটের নামে ঐ জমি তারা ৯৯ বছরের জন্য লিজ নিয়েছেন। ভূমি মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণেই এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, গতকাল সকালে পুলিশের সহযোগিতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, দুয়ারীপাড়া ওয়াক্?ফ এস্টেট এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালায়। এ সময় স্থানীয়রা পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো চার প্লাটুন পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে। এরপর দুপুর দেড়টার দিকে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়দের দাবি, ধর্ম মন্ত্রণালয় আমাদের এই জায়গাটি বসবাস করার জন্য ১০০ বছরের লিজ দিয়েছে। কোর্টের স্থগিত আদেশ থাকার পরও আমাদের অবৈধভাবে উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদ অভিযানের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে এলাকার বাসিন্দারা বলেন, আমরা সেই ১৯৯৩ সাল থেকে ধর্ম মন্ত্রণালয়ের কাছ থেকে ৯৯ বছরের জন্য জমি লিজ নিয়ে এখানে বসবাস করছি। কিন্তু গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে হুট করে বলা হয় বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। এ পরিস্থিতিতে আবেদন করা হয় আদালতে। নভেম্বর মাসে যুগ্ম জেলা জজ ২য় আদালত উচ্ছেদের ব্যাপারে স্থগিত আদেশ জারি করেন। তিনি আরো বলেন, দুয়ারীপাড়া ওয়াক্?ফ এস্টেট এলাকাটি ২৩ একর জায়গা নিয়ে অবস্থিত। এলাকার প্রায় ৪৭৪টি প্লটে আমরা ১ লাখের মতো লোক বসবাস করছি। আমাদের সঙ্গে ঠিক ভাষানটেকের উচ্ছেদ অভিযানের মতো ঘটনা ঘটানো হচ্ছে। এখন এতোগুলো মানুষ কোথায় যাবে? কোথায় থাকবে তারা এই শীতের মধ্যে?