জাবি সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের সুফল এবং বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তরুণদের দক্ষতা বাড়াতে ‘বিজ্ঞান যোগাযোগ ও লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের একটি কক্ষে কর্মশালার উদ্বোধন করেন অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার। ফার্মিং ফিউচার বাংলাদেশের সহযোগিতায় সাইন্সপোর্টার বাংলাদেশ এ কর্মশালার আয়োজন করে।
এসময় সংগঠনটির প্রতিষ্ঠাতা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল বলেন, ‘বিজ্ঞান যোগাযোগের প্রসারে তরুণদের সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীদের ক্ষমতায়ন এবং কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারের সুযোগ এবং এ সম্পর্কে জনসাধারণের সচেতন করার জন্য এ ধরনের আরো অনুষ্ঠান করা প্রয়োজন। কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য আমাদের মূল অংশীদারদেরকে সম্পৃক্ত করে পারস্পরিক সহযোগিতা এবং সক্ষমতা অর্জনের মতো কর্মসূচি বাড়াতে হবে।
দিনব্যাপী এ অনুষ্ঠানে বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, যার মাঝে বিজ্ঞানভিত্তিক বার্তা জনসাধারণের কাছে পৌঁছানো, কৃষিতে বায়োটেকনোলজির ব্যবহার এবং তার বিকাশে কাজ করতে তরুণ সমাজ কীভাবে অবদান রাখতে পারে। এছাড়া অংশগ্রহণকারীরা এ সকল ব্যাপারে প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়নের বিষয়ে দক্ষতা উন্নয়েনের জন্য প্রশিক্ষণের পাশাপাশি এ বিষযগুলোর উপর ব্যবহারিক সেশনে যোগদান করেন।
এসময় অন্যদের মধ্যে ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আলমগীর কবির, ভারপ্রাপ্ত প্রক্টর আ. স. ম. ফিরোজ-উল-হাসান, কটন ডেভেলপমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ ডিরেক্টর ফরিদ উদ্দিন ও ফার্মিং ফিউচার বাংলাদেশের সিইও মোহাম্মদ আরিফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
২৪ ব্যাচের পুনর্মিলনী
‘২৪ এর চব্বিশ, হূদয়ের মাঝেই আছিস’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৪তম ব্যাচের ২৪তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া চত্ব্বরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে পুনর্মিলনীর উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।