সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাকেফ এ্যাপারেলস লিমিটেড নামক একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে উপজেলার তেঁতুলঝোড়া কলেজ সংলগ্ন সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেন তারা। এ সময় কারখানাটিতে হামলা ও ভাঙচুরেরও ঘটনা ঘটেছে।
এ ঘটনায় গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত ৬০ জনের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন কারখানাটির উপ-মহাব্যবস্থাপক শাকিল মাহমুদ। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিরাগত চার যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো—ঠাকুরগাঁওয়ের রাসেল, লালমনিরহাটের ইয়াছিন, ফরিদপুরের সিয়াম ও সৈয়দপুরের মিলন।
শ্রমিকরা জানান, জানুয়ারি মাসের মাঝামাঝি চলে আসলেও এখনো কারখানা কর্তৃপক্ষ তাদের ডিসেম্বর মাসের বেতন পরিশোধ করেনি। বারবার বিষয়টি নিয়ে আলোচনার পর বৃহস্পতিবার বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু ব্যাংকের জটিলতার কারণে বৃহস্পতিবার রাতে বেতন দেওয়া হবে না বলে জানানো হলে রাস্তায় নেমে আসেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় বকেয়া বেতনের দাবিতে তিন ঘণ্টারও বেশি সময় ধরে সিংগাইর-হেমায়েতপুর শাখা সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় কারখানাটিতে ভাঙচুরও করে শ্রমিকরা।
শিল্প পুলিশ-১ এর ইন্সপেক্টর মাহমুদুর রহমান জানান, রাকেফ এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা রাতে বকেয়া বেতনের দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে অবস্থান নেন। পরে রাত ১০টার দিকে শিল্প পুলিশের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, পোশাক কারখানায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ভাঙচুরের সময় আটক চার বহিরাগত যুবককে মামলায় প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় কারখানাটির সিসিটিভি ফুটেজ দেখে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।