সিলেটে দেশের প্রথম ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইন গতকাল শুক্রবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালালের (র.) মাজারের প্রধান গেটে আনুষ্ঠানিকভাবে ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইনের মাধ্যমে বিদ্যুত্ সরবরাহের উদ্বোধন করেন। চলতি মাসের ৫ তারিখ থেকে ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইনের মাধ্যমে পরীক্ষামূলকভাবে বিদ্যুত্ সরবরাহ শুরু হলেও গতকাল তা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। এর আওতায় এসেছে শাহজালাল (র.) দরগাহ ও আশপাশ এলাকার প্রায় সাড়ে ৪০০ গ্রাহক।
‘বিদ্যুত্ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, সিলেট বিভাগ’ সূত্রে জানা যায়, নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই থেকে হযরত শাহজালাল (র.) দরগাহ শরিফ পর্যন্ত এরই মধ্যে প্রায় এক কিলোমিটার ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইনের নির্মাণ কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। এই প্রকল্পের আওতায় আম্বরখানা উপকেন্দ্র থেকে চৌহাট্টা হয়ে বন্দরবাজার পর্যন্ত দুটি এবং শেখঘাট উপকেন্দ্র হতে সার্কিট হাউজ পর্যন্ত আরো একটি ১১ কেভি ফিডারকে সম্পূর্ণভাবে ভূগর্ভস্থ লাইনে রূপান্তরের কাজ চলমান রয়েছে। শিগিগরই কাজগুলো সমাপ্ত হবে বলে বিদ্যুত্ উন্নয়ন বোর্ড সূত্র জানায়।
প্রকল্প পরিচালক কে এম নাজিম উদ্দিন ইত্তেফাককে জানান, ২০১৮ সালের মে মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়। ২০২১ সালের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হবে। আধ্যাত্মিক নগরীখ্যাত সিলেট হযরত শাহজালাল (র.) দরগাহ শরিফে প্রথমে ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইন সরবরাহ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ৫৫ কোটি টাকা ব্যয়ে সিলেট নগরে সাত কিলোমিটার ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইন নির্মাণ করা হবে।
প্রকল্পের অগ্রগতি সম্পর্কে প্রকল্প পরিচালক আরো বলেন, আম্বরখানা থেকে সার্কিট হাউজ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড বিদ্যুত্ লাইন স্থাপন হয়ে গেছে। আগামী মাসে সার্কিট হাউজ পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ক্যাবল লাইনের কাজ পুরোপুরি শেষ করার পর চৌহাট্টা থেকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত লাইন স্থাপন করা হবে। তিনি জানান, দরগাহ এলাকায় লাইন নির্মাণের পর তা বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, চালুর পর থেকে এ লাইনে এখন পর্যন্ত কোনো ত্রুটি পরিলক্ষিত হয়নি ।
সিলেটে ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইনের মাধ্যমে বিদ্যুত্ সরবরাহ প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘দি ইস্ট ওয়ে ইলেকট্রিক কোম্পানি এবং জে অ্যান্ড সি ইমপেক্স লিমিটেড জেভি’ সিলেটের পাশাপাশি গাজীপুরের টঙ্গী ও ঢাকার কয়েকটি এলাকায় ভূগর্ভস্থ বিদ্যুত্ লাইন নির্মাণ করছে।