এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিত্সক, অ্যানিস্থিশিয়া চিকিত্সক, দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা, তৃতীয় শ্রেণি ও চতুর্থ শ্রেণিসহ বিভিন্ন পদ শূন্য রয়েছে। একই সঙ্গে চিকিত্সার যন্ত্রপাতির সংকটে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এসব তথ্য জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মুনীবুর রহমান।
জানা গেছে, প্রতিদিন শত শত রোগী চিকিত্সা সেবা নিতে আসেন এই কমপ্লেক্সে। এ হাসপাতালে গর্ভবতী নারীরা চিকিত্সা নিতে এসে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েন। তাদের ডেলিভারি করানোর জন্য অপারেশন থিয়েটার থাকলেও গাইনি বিশেষজ্ঞ এবং অ্যানিস্থিশিয়া চিকিত্সক নেই। রাতে রোগীদের জন্য জেনারেটরের ব্যবস্থা নেই। হাসপাতালে চিকিত্সারত রোগী আবদুল জলিল জানান, হাসপাতালে প্রচণ্ড শীতে থাকতে কষ্ট হচ্ছে। শীতবস্ত্র অপ্রতুল, ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মুনীবুর রহমান ওরফে জুয়েল মোল্লা জানান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, আবাসিক মেডিক্যাল অফিসার, মেডিক্যাল অফিসার (হারবাল), গাইনি বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন, অর্থপেডিক্স, অ্যানিস্থিশিয়া চিকিত্সকসহ ১০ জন বিশেষজ্ঞ চিকিত্সকের স্থলে নাক, কান, গলাবিশেষজ্ঞ হিসেবে একজন কর্মরত আছেন। তাকেও বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞ চিকিত্সক ছাড়াই চলছে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সম্প্রতি নলছিটি পৌরসভাসহ উপজেলায় ১০টি ইউনিয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা প্রদানের জন্য আরো ১৬ জন চিকিত্সক যোগদান করেন। সেখান থেকে ৯ জন চিকিত্সক বিভিন্ন ইউনিয়ন পরিষদে সেবা প্রদানের জন্য পদস্থ করেন এবং সাত জন চিকিত্সক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা প্রদানের জন্য পদস্থ করেন।
নার্সিং সুপারভাইজার ও নার্স মিডওয়াইফ পদ শূন্য। তৃতীয় শ্রেণি হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরসহ ২১টি পদ শূন্য। ্ইউনিয়ন উপসহকারী মেডিক্যাল অফিসার পদ তিনটি শূন্য। স্বাস্থ্য সহকারী ৯টি পদ শূন্য, ল্যাব পরীক্ষাগার দুটি শূন্য, ফার্মাসিস্ট দুটি পদ শূন্য। ফিজিওথেরাপি, টিকিট ক্লার্ক দুই জনের স্থলে এক, ওয়ার্ড বয় চার জনের স্থলে দুই জন। চতুর্থ শ্রেণির ১৫ জনের স্থলে দুই জন কর্মরত আছেন। ১০০ শয্যা হাসপাতালে পর্যাপ্ত জনবলের অভাবে নিজেই রোগাক্রান্ত হয়েছে। অন্যদিকে হাসপাতালের মধ্যে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ লক্ষ্য করা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিক্যাল অফিসার আশিষ মন্ডল জানান, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অর্ধেক পদ প্রায় শূন্য রয়েছে। শীত মৌসুমে ঠান্ডাজনিত কারণে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব হয়। বিশেষ করে সর্দি-কাশি, জ্বর, অ্যাজমাসহ শ্বাসকষ্টজনিত রোগ বৃদ্ধি পায়। তাই দ্রুত জনবল বৃদ্ধি করা প্রয়োজন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স