মিঠাপুকুরে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ হারালেন ইসমাইল

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

রংপুরের মিঠাপুকুরে চাচাতো ভাইয়ের হাতে প্রাণ হারালেন ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবক। শুক্রবার সকালে রমেক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। গোপালপুর ইউনিয়নের বান্দেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, নিহতের বাবা সুলতান আলী ও তার বড়ভাই মানিক মিয়ার মধ্যে বসতবাড়ির সীমানা ও চলাচল রাস্তা নিয়ে বেশ কিছুদিন থেকে বিরোধ চলছিল। এ বিরোধ নিরসনের জন্য গত ১৪ জানুয়ারি স্থানীয় চেয়ারম্যান দিলীপ পাইকাড় ও গন্যমান্য ব্যাক্তি সহ উভয়পক্ষকে নিয়ে জমি মেপে শালিশী বৈঠকে সমাধান দেন। কিন্তু বড়ভাই মানিক মিয়া ওই শালিশী বৈঠক অমান্য করেন। এর প্রতিবাদ করায় পরদিন ১৫ জানুয়ারি বুধবার সকালে মানিক মিয়া ও তার  ছেলে হাসান, মহাসীন ও রেজাউল লাঠি-সোটা ও রড নিয়ে ইসমাইলের উপর হামলা চালায়। তারা ইসমাইলকে বেদম মারপিট করাসহ বুকে-পাজরে প্রচন্ড আঘাত করে। এতে ইসমাইল ঘটনাস্থলেই জ্ঞান হারান । প্রতিবেশী লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে ইসমাইল মৃত্যুবরন করেন।