দুই দিনের ব্যবধানে গৌরীপুরে আবারও ট্রেন লাইনচ্যুত

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

দুই দিনের ব্যবধানে গৌরীপুরে আবার ট্রেন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৫টা ২০ মিনিটে ফেঞ্চুগঞ্জ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে তারাকান্দিগামী সারবাহী মাল ট্রেনের একটি বগি গৌরীপুরে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল ও গৌরীপুর-শালিহর সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনাস্থলের মাত্র ১০ গজ দূরে ২ দিন আগে লাইনচ্যুত হয় আন্তঃনগর বিজয় এক্সপ্রেস।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকার ১ নম্বর রেলক্রসিং অতিক্রম করার পরেই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের চালক ও পরিচালক টের পায়নি। লাইনচ্যুত বগি নিয়ে মালবাহী ট্রেনটি প্রায় ৫০০ গজ চলে যায়। এ সময় বিকট শব্দে আশপাশের মানুষ চিত্কার শুরু করলে ট্রেনটি গৌরীপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে কাছে গিয়ে থামে। ট্রেনের চালক মো. রেজাউল করিম জানান, গৌরীপুর রেলওয়ে জংশনের ৩৩১/২ কিলোমিটার পয়েন্টে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ট্রেনের পরিচালক ফজলে এলাহী জানান, ফেঞ্চুগঞ্জ থেকে সার বোঝাই ২৪টি বগি নিয়ে তারাকান্দি বিসিআইসি স্পেশাল ট্রেনটি ময়মনসিংহ হয়ে তারাকান্দির উদ্দেশ্যে রওনা হয়। গৌরীপুর ২ নম্বর রেলক্রসিং এলাকায় ট্রেনের ১০ নম্বর বগির চারটি চাকা রেললাইন থেকে সরে যায়।

এদিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের তিনটি বগি বুধবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে একই স্থানের বিপরীত লাইনে লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ শেষে প্রায় ১২ ঘণ্টা পর বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে গৌরীপুর জংশন থেকে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ ঘটনায় গঠিত চার সদস্যের তদন্ত কমিটি এরই মধ্যেই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।