জকিগঞ্জ শহরে আগুনে পুড়ে ২০ দোকান ছাই

সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা

সিলেটের জকিগঞ্জ শহরে আগুন লেগে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা জানান, মোহাম্মদ আলীর লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। আগুনে আনন্দপুরের ফারুক আহমদের চাল ও সারের আড়ত্, মানিকপুরের এনু মিয়ার মসলার দোকান, পঙ্গবটের আতাই মিয়ার স্টেশনারীর দোকান, গন্ধদত্ত গ্রামের আলী হোসেনের মুদি দোকান, আনন্দপুরের আলী আহমদ মুদি দোকান, লামারগ্রামের নেজাম উদ্দিন, ছবড়িয়ার আব্দুল হক, আলমনগরের শফিক আহমদ, কেছরীর জাহেদ আহমদ, পীরের চকের হোসেন আহমদ, হাইদ্রাবন্দের ছালিক আহমদ, মাছাইর চকের আব্দুল হক, বিলেরবন্দের কামরুল ইসলাম কামরুর, কেছরীর আব্দুন নুরের ভুসি মালের দোকান, মোহাম্মদ আলীর লেপের দোকান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের অজুখানাসহ অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এক ঘণ্টার আগুনে নিঃস্ব হয়ে অনেক ব্যবসায়ী বারবার মূর্ছা যান।

বাজারের ব্যবসায়ীরা জানান, ফায়ার সার্ভিস কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে পুরো বাজার বড়ো ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। একটি লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে—বৈদ্যুতিক গোলযোগে এ আগুনের সূত্রপাত হয়।