সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে আছে এক দিন বয়সি শিশু

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছে একদিন বয়সের শিশু সন্তান। গত বুধবার সকালে রংপুরের তারাগঞ্জে বাসুর বানদায় এই ঘটনা ঘটে।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের এস আই সাইফুল ইসলাম জানান, বুধবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের বাছুরবান্দা এলাকায় ঢাকা থেকে আসা ডিপজল পরিবহনের একটি গাড়ির সামনের চাকা পাংচার হয়ে গেলে সেটি দুলতে দুলতে চলতে থাকে। এতে মুখোমুখি সংঘর্ষ হয় একটি এ্যাম্বুলেন্সের সঙ্গে। এতে ঘটনাস্থলেই মারা যান সাথী আক্তার ও তার মামাতো ভাই রব্বানী রহমান। গুরুতর আহত অবস্থায় মা ও স্বামী সাজুসহ চালককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান এ্যাম্বুলেন্স চালক রুবেল মিয়া। বর্তমানে হাসপাতালে চিকিত্সাধীন আছে একদিনের ঐ কন্যা শিশু। সঙ্গে চিকিত্সাধীন আছেন কন্যা শিশুটির বাবা সাজু মিয়া ও শিশুর নানি।

জানা গেছে, ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ী গ্রামের সাজু মিয়ার স্ত্রী সাথী আক্তার মঙ্গলবার সন্ধ্যায় নিজ বাড়িতে একটি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় একটি এ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের দিকে আসছিলেন ঐ দম্পতি। সঙ্গে ছিলেন তার শাশুড়ি ও মামাতো ভাই রব্বানী রহমান।