মেঘনায় ফের দুই লঞ্চের সংঘর্ষ :ছয় জন আহত

বরিশাল অফিস

বরিশাল-ঢাকা নদীপথের চাঁদপুর সংলগ্ন মেঘনা নদীতে পাঁচ দিনের ব্যবধানে আবারও দুই লঞ্চের সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকাগামী ও ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়াগামী যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত চার জনকে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, হিজলা থেকে রাত ৮টার দিকে এমভি প্রিন্স আওলাদ-৪ নামের লঞ্চটি যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। অপর দিকে ঢাকা থেকে পিরোজপুরের ভাণ্ডারিয়ার উদ্দেশে এমভি টিপু-১২ নামের আরেকটি লঞ্চ যাত্রা করে। উভয় লঞ্চ মেঘনা নদীর আলুবাজার ও ঈশানবালার মধ্যবর্তী এলাকায় পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমভি প্রিন্স আওলাদ-৪ লঞ্চের প্রায় ১০ যাত্রী আহত হন। টিপু-১২ লঞ্চের বরিশালের সুপারভাইজার লিটু দাস জানান, টিপু-১২ লঞ্চের সুকানের চেইন ছিঁড়ে যাওয়ায় সেটা মেরামত করা হচ্ছিল। বিপরীত দিক থেকে আওলাদ-৪ লঞ্চটি এসে পড়ায় দুর্ঘটনা ঘটে। এর আগে গত রবিবার দিবাগত গভীর রাতে মেঘনা নদীতে যাত্রীবাহী কীর্তনখোলা-১০ ও ফারহান-৯ লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছিল।

এর আগে গত রবিবার দিবাগত রাতে চাঁদপুরের মেঘনা নদীতে এমভি কীর্তনখোলা-১০ ও এমভি টিপু-৯ লঞ্চের সংঘর্ষে মা ও মেয়ে নিহত এবং আরো অন্তত আট জন গুরুতর আহত হয়।