এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগে কেন ৫৫ জেলায় নারী কোটা পূরণ হয়নি তার একটি ব্যাখ্যা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক সোহেল আহমেদ স্বাক্ষরিত ঐ ব্যাখ্যায় বলা হয়েছে, এবারের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায় যে, বিভিন্ন বিশেষ শ্রেণির কোটায় নির্বাচনযোগ্য উপযুক্ত প্রার্থী না পাওয়ায় শূন্যপদসমূহ সাধারণ প্রার্থীদের দ্বারা পুরুষ-মহিলা নির্বিশেষে মেধাক্রমানুসারে পূরণ করা হয়েছে। এ প্রক্রিয়ায় বিধিসম্মতভাবেই কিছু উপজেলায়/থানায় নির্বাচিত পুরুষ প্রার্থীর সংখ্যা নির্বাচিত মহিলা প্রার্থীর চেয়ে বেশি হয়েছে।
প্রকাশিত চূড়ান্ত ফলাফল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় উন্নত সফটওয়্যার এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রক্রিয়াকরণ করা হয়েছে। এক্ষেত্রে মানবীয় হস্তক্ষেপের কোনো সুয়োগ ছিল না বলে দাবি করা হয় ব্যাখ্যায়।
ঐ ব্যাখ্যায় আরো বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০১৩ অনুযায়ী ‘কোনো একটি উপজেলার মোট পদের ৬০ শতাংশ মহিলা, ২০ শতাংশ পোষ্য এবং ২০ শতাংশ পুরুষ কোটা নির্ধারিত থাকে। উক্ত বিধিমালার বিধি ৭(২) এ বলা আছে, মহিলা, পোষ্য ও পুরুষ কোটা পূরণের ক্ষেত্রে, আপাতত বলবত্ অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে কোনো বিশেষ শ্রেণির কোটা নির্ধারিত থাকিলে সেই কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী নিয়োগ করিতে হইবে।’
বিধি ৭(২) এর নির্দেশনা মতে মহিলা, পোষ্য ও পুরুষ প্রতিটি কোটা আবার সংস্থাপন মন্ত্রণালয়ের পরিপত্র অনুসারে চারটি বিশেষ শ্রেণির কোটা ও সাধারণ মেধায় বিভক্ত। বিশেষ শ্রেণির কোটাগুলো হলো—এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী ১০ শতাংশ; মুক্তিযোদ্ধা সন্তান ৩০ শতাংশ; ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫ শতাংশ এবং আনসার ও ভিডিপি সদস্য ১০ শতাংশ। অবশিষ্ট ৪৫ শতাংশ পদ মহিলা, পোষ্য ও পুরুষ প্রার্থীদের মধ্য হতে একই শ্রেণির সাধারণ মেধাক্রমানুসারে পূরণ করা হয়।
উপযুক্ত প্রার্থী না পাওয়ার কারণে নির্ধারিত পদসংখ্যা পূরণ করা সম্ভব না হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও বিবেচ্য শিক্ষক নিয়োগ বিধিমালার বিধি-৭(১)(খ) অনুযায়ী নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মেধাক্রম থেকে পূরণ করা হয়। নিয়োগ বিধিমালার উপবিধি ৭(১)(খ) এর এ বলা আছে, ‘উপজেলা/থানা ভিত্তিক শূন্যপদ অনুযায়ী কোনো কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না গেলে মেধাক্রম অনুযায়ী একই উপজেলা বা ক্ষেত্রমতো থানার উত্তীর্ণ সাধারণ প্রার্থীদের দ্বারা তাহা পূরণ করা হইবে।’