ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

ফতুল্লায় আব্দুর রহিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে। গতকাল শুক্রবার ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় রাত ৯টার দিকে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহিম মাসদাইর এলাকার বাসিন্দা ঈমান আলীর ছেলে।

ঈমান আলী জানান, গুদারাঘাট এলাকায় ছেলেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন তাকে খবর দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেননি ঈমান আলী। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, আব্দুর রহিমের পেটে ও পিঠে বেশ কয়েকটি ছুরিকাঘাত করার চিহ্ন পাওয়া গেছে। পুলিশের কয়েকটি টিম দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে।