সিরাজদিখানে ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী ঘোড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার আনন্দ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ একাধিক কর্মসূচি পালিত হয়। উত্সবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে আসেন তাদের প্রিয় স্কুলে। প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। তারা আনন্দে মেতে ওঠেন, যেন খুঁজে পান নিজেদের হারানো শৈশব। সকাল ৯টায় শুরু হয় রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের রিপোর্টিং এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ। এরপর পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন বাসাইল ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সকাল ১০টায় স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পীযূষ রায়ের সঞ্চালনায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হরিশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ, ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কাশেম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, কলেজ অধ্যক্ষ আব্দুস সাদেক, কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী, কবির হোসেন প্রমুখ।