গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ

মুন্সীগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এলাকায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা এবং বাড়ি-ঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে কয়েক মাস যাবৎ মো. তাজু মাস্টারের ছেলে টিপু ও মৃত. সানা উল্লাহ্ প্রধানের ছেলে ইমামপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহ্ আলম প্রধানের সঙ্গে একই এলাকার অভি দেওয়ানের ছেলে মো. সবুজ দেওয়ান, মো. লুৎফর রহমানের ছেলে শাহিন মিয়ার সঙ্গে দ্বন্দ্ব চলছিলো। সেই সূত্র ধরে শুক্রবার রাতে ষোলআনী বাজার এলাকায় গুলি ও বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুবৃর্ত্তরা। পরে ষোলআনী গ্রামের মো. সিজন আলীর, মো. নিজাম উদ্দিন, মো. শাহাব উদ্দিন, আব্বাস আলী, আবু কালামের বাড়িতে ভাঙচুর করে লোটপার করে কতিপয় ব্যক্তিরা।

আরও পড়ুন: ফতুল্লায় যুবককে কুপিয়ে হত্যা

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার ওসি মামুন আল রশিদ বলেন, বালু ভরাটের লাভংশের টাকা ভাগবাটোরা নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক বার সংঘর্ষ হয় এবং গুলি বিদ্ধ হয়ে আহত হন কয়েকজন। এ সব ঘটনায় ৬টি মামলা দায়ের করা হয়। তবে একটি মামলা পুলিশ বাদী হয়ে করে। ঘটনাস্থল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/কেকে