রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মহানগরীর ডাশমারী সাতবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশুরা হচ্ছে, মাসুদ রানার ছেলে মো. ফাহিম (৪) ও মোহাম্মদ রানার ছেলে মো. ফারহান (৪)। 

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। শনিবার সকাল ৯টার দিকে প্রথমে একটি শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে আরেক শিশু পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা শিশু দুটিকে খোঁজাখুজি শুরু করেন।

আরও পড়ুন: আ. মান্নান এমপির ইন্তেকালে এলাকায় শোকের ছায়া

দুপুরের দিকে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে তারা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলেও জানান মতিহার থানার ওসি। 

ইত্তেফাক/নূহু