১২ দফা দাবিতে নির্মাণ শ্রমিকদের মানববন্ধন 

নিরাপত্তা এবং ক্ষতিপূরণসহ ১২ দফা দাবিতে মানববন্ধন করেছে শ্রমিকরা। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (ইনসাব) বাংলাদেশের  উদ্যোগে এ মানববন্ধন ও দাবি দিবস পালিত হয়।

মানববন্ধনে ইনসাবের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খানসহ ইনসাবের কার্যকরী সভাপতি মো. মিজানুর রহমান,যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আলি হোসেন ও প্রচার সম্পাদক মো. শরিফ মিয়া প্রমুখ। 

তারা বলেন, দেশে নির্মাণ শিল্পের ৩৫ লাখ শ্রমিক রয়েছে। নির্মাণ শ্রমিকদের কাজটি খুবই ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণহানির  ঘটনা ঘটে চলেছে। কর্মস্থলে নিরাপত্তা নেই বললেই চলে। এ শিল্পের নিরাপত্তা দেখভাল করার কথা শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের। কিন্তু তাদের অবহেলা ও অপরিকল্পিত ভবন নির্মাণ, ইটভাটায় ধোয়া ও নির্মাণ সামগ্রী যত্রতত্রভাবে রাখায় পরিবেশ মারাত্মকভাবে দূষণ হচ্ছে। যার কারণে নির্মাণ শ্রমিকসহ সাধারণ মানুষ মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে বাস করছে। নির্মাণ শিল্পে মালিকের অতি মুনাফা লোভের কারণে নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে আজ মরণস্থল পরিণত হয়েছে। কিন্তু এদের জীবনমান উন্নয়নের তেমন কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

ইত্তেফাক/জেডএইচ