সেন্সর ছাড়পত্র পেয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘গণ্ডি’। গত বৃহস্পতিবার ছবিটি আনকাট সেন্সর ছাড়পত্র পায় বলে জানিয়েছেন ছবিটির পরিচালক।
এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের সুবর্ণা মুস্তাফা। এছাড়াও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখার্জিসহ আরো অনেকে। অবসরে থাকা দু’জন নারী পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টি কিভাবে নেয়, এটাই উঠে এসেছে চলচ্চিত্রটিতে। রোমান্টিক কমেডি ঘরানার ‘গণ্ডি’ চলচ্চিত্রে মোট ৩টি গান রয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর ও দ্বীপ। এই ছবির আবহসংগীত করছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব দেবজ্যোতি মিশ্র।