সাভারের আমিনবাজার এলাকা থেকে অস্ত্রধারী সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৫শ বোতল ফেন্সিডিল, বিদেশি পিস্তল এবং ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৯ টার দিকে আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করে র্যাব-৪ এর সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলো, মোঃ নাসিরুল ইসলাম (৩৬), মোঃ শরীফুল ইসলাম (৩৭), আব্দুল কাইয়ুম (৩৩), মোঃ সাইরন আলী (৩৮), মোঃ সাহাবুর ইসলাম (২২), মোঃ আবু সায়েম (৩২) ও মোঃ শামীম রেজা (২২)। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে সাত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫শ ৬২ বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৬টি মোবাইলফোন এবং মাদক বিক্রির নগদ আট হাজার সাতশ টাকা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: উদ্যোক্তা তৈরি করতে চায় সরকার: পলক
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও মাদক মামলা রয়েছে। কেউ তাদের বিরুদ্ধে অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতো। এছাড়া তারা দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আমিন বাজার, গাবতলী, আশুলিয়া, কালিয়াকৈরসহ আশপাশ এলাকায় বিভিন্ন ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল।
ইত্তেফাক/নূহু