পাকিস্তানগামী টি-২০ দল

ইমরুলের দুর্ভাগ্য, নতুন মুখ হাসান

ইন

তামিম ইকবাল, রুবেল হোসেন, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান।

আউট

আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

g স্পোর্টস রিপোর্টার

দলটা তৈরি করাই ছিল। অপেক্ষা ছিল ইমরুল কায়েসের। ভারত সফরে খারাপ করলেও বঙ্গবন্ধু বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করায় বাঁহাতি এ ওপেনারকে পাকিস্তান সফরের দলে বিবেচনা করেছিলেন নির্বাচকরা। তাছাড়া মুশফিকুর রহিম না থাকায় ইনফর্ম ইমরুলের অভিজ্ঞতা দলের জন্য শাপেবর হতো। গতকালই নির্বাচকরা নিশ্চিত হতে পেরেছেন যে, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়া ইমরুল পাকিস্তানে যেতে পারছেন না।

তার পরই গতকাল দুপুরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে পাকিস্তান সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ টি-২০ দল ঘোষণা করেছে বিসিবি। দলে নতুন মুখ হাসান মাহমুদ। ডানহাতি এ পেসার বিপিএলে আহামরি পারফরম্যান্স করেননি। তার পরও ঢাকা প্লাটুনের হয়ে গতির ঝড় তুলে নজর কেড়েছেন লক্ষ্মীপুরের ছেলে হাসান।

টি-২০ দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ও পেসার রুবেল হোসেন। বিপিএলে পারফরম করে জায়গা পেয়েছেন বাঁহাতি ওপেনার নাজমুল হোসেন শান্ত ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। সর্বশেষ ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন আবু হায়দার রনি, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও মোসাদ্দেক হোসেন সৈকত।

নিরাপত্তা ঝুঁকির ভয়ে থাকা মুশফিক আগেই সফরের দল থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন। শেষ পর্যন্ত ইমরুলকে না পাওয়ায় শান্ত ফিরলেন। মিডল অর্ডারে মোহাম্মদ মিঠুনের প্রতিই আস্থা রেখেছেন নির্বাচকরা।

দলে বিশেষজ্ঞ স্পিনার শুধু আমিনুল ইসলাম বিপ্লব। এই লেগ স্পিনারের বাইরে অফ স্পিনার আছেন তিন জন। অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া হাত ঘোরাতে পারেন মেহেদী হাসান ও আফিফ হোসেন। তবে দলে পেসার আছেন পাঁচ জন। স্বীকৃত চার পেসারের বাইরে আছেন সৌম্য সরকার। বিপিএলে অলরাউন্ড পারফরম করেছেন তিনি। 

বিপিএলে ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে দলে ফিরলেন রুবেল। ডানহাতি এ পেসারকে সুযোগ দেওয়া প্রসঙ্গে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এক বছর ধরে জাতীয় দলের বাইরে রুবেল। কিন্তু বিপিএলে তার বোলিং ছিল বেশ ধারাবাহিক। অভিজ্ঞতার কারণে তাকে আমরা নিয়েছি। যেটা পাকিস্তানে ভালো করতে দরকার হবে।’

বিপিএলে প্রায়ই ১৪০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন হাসান মাহমুদ। ১৩ ম্যাচে ১০ উইকেট পেলেও অনভিজ্ঞতার কারণে রান দিয়েছেন অনেক। জাতীয় দলের সঙ্গে রেখে তাকে পরিচর্যার ইচ্ছা নির্বাচকদের। প্রধান নির্বাচক বলেছেন, ‘হাসান এ মুহূর্তে সবচেয়ে দ্রুতগতির বোলার। তার গতি দেখেই আমরা তাকে নিয়েছি। আমরা মনে করেছি যদি তাকে জাতীয় দলের ড্রেসিংরুমে পরিচর্যা করা যায়, তাহলে এটা তাকে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলাতে তৈরি করবে।’

উল্লেখ্য, পাকিস্তান সফরের জন্য আজ থেকে শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। আগামী ২২ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। আগামী ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

পাকিস্তান সফরের বাংলাদেশ টি-২০ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।