সিরিজ নির্ধারণী ম্যাচ আজ
g স্পোর্টস ডেস্ক
প্রথম ম্যাচটা একেবারেই বাজেভাবে হেরেছিল ভারত। ১০ উইকেটের হারের পর একদম দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল ভারতের। সেই অবস্থা থেকে ফিরে দারুণভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়ার পর তৃপ্ত অধিনায়ক বিরাট কোহলি। তাই প্রশংসা করলেন জয়ের নায়কদের।
দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩৬ রানে জিতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা এনেছে ভারত। ৩৪০ রান তাড়ায় পাঁচ বল বাকি থাকতে ৩০৪ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া। আজ শেষ ওয়ানডে। যারা জিতবে তাদের হাতেই উঠবে বিজয়ীর ট্রফি। ব্যাঙ্গালুরুতে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
ম্যাচে বড়ো অবদান রেখেছেন ব্যাটসম্যানরা। কোহলি নিজে করেন ৭৮ রান। ওপেনার শিখর ধাওয়ান মাত্র চার রানের জন্য ব্যর্থ হন সেঞ্চুরি করতে। তবুও তার প্রশংসায় কোনো কমতি রাখেননি অধিনায়ক। বললেন, ‘ধাওয়ান নিজের হারানো ফর্ম ফেরত পেয়ে গিয়েছে। পুনের সেই টি-টোয়েন্টি ম্যাচের পর থেকেই ও দুর্দান্ত ছন্দে রয়েছে। ও আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান, কারণ সে থাকায় দল বাঁহাতি-ডানহাতি কম্বিনেশনও পায়। এটা আমাদের এগিয়ে দেয়।’
তবে, ম্যাচে ধাওয়ানের চেয়েও বেশি আলো কেড়েছেন লোকেশ রাহুল। এই ব্যাটসম্যান পাঁচ নম্বরে নেমে ৫২ বলে ৮০ রানের দানবীয় এক ইনিংস খেলেছেন। তাতেই ভারত উঠেছে রানের চূড়ায়। তার ব্যাপারে অধিনায়ক কোহলি বলেন, ‘শেষ ম্যাচে রাহুলের মতো দুর্দান্ত ব্যাটসম্যানের জন্য আমাকে ৪ নম্বরে আসতে হয়েছিল। আজ সে পাঁচে খেলল। এখানেও সে সফল। আসলে ও ব্যাটিং দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ওর মতো কাউকে আসলে একাদশের বাইরে রাখা যাবে না।’
রাহুলের ইনিংসের প্রশংসা করে কোহলি আরো বলেন, ‘এটা সম্ভবত আন্তর্জাতিক ক্রিকেটে ওর খেলা সেরা ইনিংসগুলোর একটা। আমরা ড্রেসিংরুমে বসে ওকে পাঁচে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু, আসল কাজটা ওকেই করতে হয়েছে। ও দারুণভাবে যে কোনো পজিশনে নিজেকে মানিয়ে নেওয়ার অসম্ভব ভালো ক্ষমতা রাখে। যে কোনো দলই এমন ব্যাটসম্যান খুঁজে থাকে।’
জয়ের দিনে কোহলির কপালে দুশ্চিন্তার ভাঁজ হয়ে এসেছে রোহিত শর্মার ইনজুরি। ফিল্ডিংয়ের সময় চোট পান সময়ের অন্যতম সেরা এই ওপেনার। যদিও, চোটকে গুরুতর মানছেন না অধিনায়ক। বললেন, ‘রোহিতের বাম পাশের কাঁধে চোট লেগেছে। কিন্তু আমার মনে হয় না যে এটা বেশি গুরুতর। আমার আশা যে ও আমাদের জন্য পরের ম্যাচ খেলবে।’
রান তাড়া করতে গিয়ে সেঞ্চুরি মিস করেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথও। সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে তিনি আউট হন। ম্যাচ শেষে তিনি দাবি করলেন, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারানোতেই হেরে গেছে অস্ট্রেলিয়া।
বললেন, ‘কিছু রান পেয়েছি। সেটা ভালো ব্যাপার। তবে, আমাদের আরো লম্বা সময় ব্যাট করা দরকার ছিল। কিন্তু, দুর্ভাগ্যজনকভাবে আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়েছি। আর সেটা কাটিয়ে উঠে ম্যাচে ফেরা শক্ত ছিল। এখানেই আমরা পিছিয়ে পড়েছি।’