ভোগান্তিতে পৌরবাসী
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মির্জাপুর পৌরসভার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে বাইপাস বংশাই রোডে ২০০ গজ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পৌরবাসীকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, কালিবাড়ি রোড হতে মির্জাপুর বাইপাস ও বাইপাস হতে ত্রিমোহন-বংশাই রোডের খুবই করুণ দশা। মূল সড়ক হতে এই রাস্তাটি নিচু হওয়ায় একটু বৃষ্টি হলেই রাস্তার ওপর কখনো হাঁটু পানি আবার কখনো কোমর পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এই রাস্তা দিয়ে উত্তরাঞ্চলের চারটি ইউনিয়নহ পার্শ্ববর্তী বাসাইল ও সখীপুর উপজেলার বাসিন্দারা নিয়মিত যাতায়াত করেন। বংশাই রোডের ২০০ গজ রাস্তার উন্নয়ন না হওয়ায় চলাচলের ক্ষেত্রে তাদের ভোগান্তির শেষ নেই বলে পাথরঘাটা বাজারের ব্যবসায়ী মুলফত আলী ও লতিফপুর গ্রামের মিয়াচান আলী অভিযোগ করেন। তারা বলেন, পৌরসভার কলেজ রোড, থানা রোড, বাওয়ার রোড, ইউনিয়নপাড়া রোড, বংশাই রোড, কালিবাড়ি রোড, মসজিদ রোড, কুমুদিনী হাসপাতাল রোডসহ প্রতিটি রাস্তার বেহাল অবস্থা। রাস্তার ওপর পানি জমে সেই পানি দোকানে ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
পৌরসভার মো. সাহাদত হোসেন সুমন বলেন, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পৌরসভার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের কাজ শুরু হয়েছে। আগামী বছরের মধ্যে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থাসহ সকল উন্নয়নমূলক কাজ করে একটি আদর্শ ও মডেল পৌরসভা মির্জাপুরবাসীকে উপহার দিতে পারব বলে আশা করছি।