ঝিনাইদহে চাল-ডাল চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে চাল, ডাল, তেল, আটা, চিনি মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। অপরদিকে ধানের দাম বৃদ্ধিতে খুশি কৃষক।

সরেজমিনে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে জেলার হাটবাজারগুলোতে সব ধরনের চালের দাম পাইকারি ও খুচরা কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে।

ঝিনাইদহের নতুন হাটখোলার চাল ব্যবসায়ী পলাশ কুমার সাধু ও দাউদ হোসেন বলেন, অটো রাইসমিলের মালিকরা চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা করে বাড়িয়েছে। এর ফলে তারও কেজিপ্রতি দুই-তিন টাকা করে বাড়াতে হয়েছে। আটার দামও কেজিপ্রতি তিন টাকা করে বেড়ে ২৮ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্যাকেট আটা দুই টাকা বেড়ে ৩২ টাকা কেজি বিক্রি হচ্ছে।

অপরদিকে প্রতি মণ মোটা ধান বিক্রি হচ্ছিল ৬২০ টাকা দরে। মণ প্রতি ৬০ টাকা বেড়ে ৬৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। চিকন ধান বিনা-৭, ধানি গোল্ডসহ অন্য হাইব্রিড ধান প্রতি মণ ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছিল। তা এখন ৮০০ টাকা মণ বিক্রি হচ্ছে। তবে ধানের দাম বাড়ায় জেলার কৃষক বেশ খুশি।   

এদিকে সয়াবিন তেল প্রতি লিটারের দাম ছিল ৮৫ টাকা। লিটার প্রতি ১৫-২০ টাকা বেড়ে ১০০ থেকে ১০৫ টাকা দরে বিক্রি হচ্ছে। সরিষার তেল লিটার প্রতি ১০ টাকা বেড়ে ১৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া মসুরের ডাল (আমদানিকৃত) প্রতি কেজির দাম ১০ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। আর দেশি মসুর ডাল কেজিতে পাঁচ টাকা বেড়ে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। মুগ ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। মশলার মধ্যে এলাচের দাম লাগামহীনভাবে বেড়েছে। আর খাসির মাংসের দাম কেজিপ্রতি ১০০ টাকা পর্যন্ত বেড়ে সাড়ে ৭০০ এবং গরুর মাংসের দাম কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে সাড়ে ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।