ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যেতে নতুন করে জনপ্রতি ৪৫ টাকা হারে ‘ফি’ দিতে হবে যাত্রীদের। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই যাত্রীদেরকে ‘অতিরিক্ত’ এই টাকা গুনতে হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এ বন্দর দিয়ে যাতায়াত করতে ভ্রমণ কর বাবদ যাত্রীদের এখন ৫০০ টাকা হারে ফি দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত রশিদে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ ঐ টাকা আদায় করে। কাস্টমস কর্তৃপক্ষের কাছে ঐ রশিদ দিয়ে নাম তালিকাভুক্ত করতে হয়। নতুন নিয়মে আগে স্থলবন্দর কর্তৃপক্ষের কাছে ৪৫ টাকা হারে ফি দিতে হবে। আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, স্থলবন্দর কর্তৃপক্ষ চাইছে তাদের ফির পাশাপাশি ভ্রমণ করও একই জায়গা থেকে নিতে। এটা হওয়ার সম্ভাবনা আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে নির্দেশনা দিলে কার্যকর করা হবে। তবে এখন পর্যন্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মো. মাহফুজ ভুঁইয়া জানান, স্থলবন্দর ব্যবহারে যাত্রীদের ফি দেওয়ার নিয়ম রয়েছে। আগামী মাস থেকে আখাউড়া বন্দর দিয়ে নির্ধারিত হারে ফি নেওয়া হবে।