মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক সংযোগ থাকা অবস্থায় বিদ্যুত্ লাইনে কাজ করার সময় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. আলমগির হোসেন (৫০) নামের এক বিদ্যুত্কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টায় উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকার নাহার এগ্রোর সামনে এই ঘটনা ঘটে। নিহত আলমগির হোসেন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর ইউনিয়নের আটলিয়া গ্রামের মো. আছির উদ্দীন মোড়লের পুত্র। সে পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এর বারইয়ারহাট জোনাল অফিসে লাইন টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিল।
এই ব্যাপারে পল্লী বিদ্যুত্ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সাইফুল আহম্মদ ইত্তেফাককে বলেন, এই দুর্ঘটনা কিভাবে ঘটেছে তা তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বিষয়ে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ইত্তেফাককে বলেন, থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।