এক নাইজেরিয়ানসহ মানব পাচারকারী আটক

অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

কসবার সীমান্ত এলাকার ২০৩১ নম্বর পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় শুক্রবার রাতে মানব পাচারকারীসহ এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি। আটক নাইজেরিয়ান নাগরিকের নাম ইকিওমা গডউইন ও পাচারকারী বাংলাদেশি মো. সায়েদ মিয়া।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে টহলরত কাজিয়াতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা ঐ নাইজেরিয়ান নাগরিক ও পাচারকারীকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি পাসপোর্ট, বাংলাদেশি ৬৩ হাজার টাকা, একটি ল্যাপটপ, চার্জার, একটি মোবাইল ফোন, একটি বাইবেল, একটি হাতঘড়ি ও দুটি বাংলাদেশি এবং একটি নাইজেরিয়ান সিম কার্ড উদ্ধার করা হয়েছে।