পুড়িয়ে স্ত্রীকে হত্যার মামলায় স্বামী গ্রেফতার

সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়ায় আগুনে পুড়িয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার আসামি নিহতের স্বামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম রবিউল হোসেন (২৯)। তিনি উপজেলার দক্ষিণ গারাংগিয়া কেরানীপাড়া এলাকার নুরুল আলম ওরফে নুরু সওদাগরের ছেলে। শুক্রবার দিবাগত বৃহস্পতিবার ভোররাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফকিরা মুড়া এলাকা হতে রবিউলকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে রবিউল গত বছরের ১২ ফেব্রুয়ারি স্ত্রী তছনুর আক্তার সুমিকে (২০) ঘুমন্ত অবস্থায় বিকাল ৩টার সময় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। গুরুতর অগ্নিদগ্ধ সুমি চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ব্যাপারে সুমির ভাই রবিউলকে আসামি করে সাতকানিয়া থানায় মামলা করেন।

সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম বলেন, আসামি রবিউল ঘটনার পর আত্মগোপন করেছিল। আজ ভোর ৪টায় লোহাগাড়া উপজেলার চুনতি ফকিরামুড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।