জন্মদিনে নাট্যজন মমতাজউদদীন আহমদকে স্মরণ

ইত্তেফাক রিপোর্ট

বাংলা নাটকের অনন্য তার অবদান। লিখেছেন অসংখ্যক দর্শকনন্দিত নাটক। নির্দেশনাও দিয়েছেন নিজের রচিত নাটকে। মঞ্চনাটক রচনা ও নির্দেশনার পাশাপাশি অভিনেতা হিসেবেও দাগ কেটেছেন দর্শকের হূদয়ে। গতকাল শনিবার ছিল দেশের নাট্য আন্দোলনের সেই পথিকৃত্ ব্যক্তিত্ব মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মদিন। নানা আয়োজনে উদ্্যাপিত হয় এই নাট্যজনের জন্মজয়ন্তী। পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা জানানো হয় একুশে পদকজয়ী এই শিল্পীকে। শিল্পীর জন্মদিনে মমতাজউদদীন স্মারক পদক প্রদান করা হয় সংস্কৃতিজন সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে। প্রকাশিত হয় মমতাজউদদীন আহমদ স্মারকগ্রন্থ। অন্যদিকে গান, কবিতা, নাটকসহ বহুমাত্রিক আয়োজনে সব্যসাচী এই নাট্যব্যক্তিত্বকে শ্রদ্ধা নিবেদন করে তারই হাতে গড়া নাট্যদল থিয়েটার (আরামবাগ)। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্মারকগ্রন্থের প্রকাশনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মমতাজউদদীন ৮৬তম জন্মবার্ষিকী উদ্্যাপন পর্ষদ। একই অনুষ্ঠানে মমতাজউদদীন আহমদ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন বরেণ্য চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। পুরস্কারের সম্মানী হিসেবে আসাদুজ্জামান নূরের হাতে ১ লাখ টাকার চেক তুলে দেন মমতাজউদদীন আহমদের স্ত্রী। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক আসাদুজ্জামান নূরের হাতে পুরস্কারের সম্মাননা স্মারক তুলে দেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন পর্ষদের সদস্য সচিব ও জুরি বোর্ডের আহ্বায়ক গোলাম কুদ্দুছ। মমতাজউদ্দীন আহমদের শংসা বচন পাঠ করেন আহ্্কাম উল্লাহ্। অনুষ্ঠানে মমতাজউদদীন আহমদের জীবনীভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সংগীত পরিবেশন করেন নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা।

সন্ধ্যায় বহুমাত্রিক অনুষ্ঠানে মমতাজউদদীন আহমদের জন্মজয়ন্তী উদ্যাপন করে নাট্যদল থিয়েটার। গান, কবিতা, কথন ও নাট্য প্রদর্শনীর মাধ্যমে সাজানো আয়োজনটি অনুষ্ঠিত হয় বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মমতাজউদদীনের বর্ণিল জীবন নিয়ে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও মামুনুর রশীদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ। সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি নিলুফার বানু।