ডিজিটাল ওয়ার্ড গড়ার প্রতিশ্রুতি প্রার্থীদের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়ার্ড-২৩

নিলয় মামুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা ইতিমধ্যে শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচারণা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চাচ্ছেন ভোট। ভোট দিয়ে জয় যুক্ত করার জন্য দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। নাগরিক অধিকার নিশ্চিতের পাশাপাশি একটি ডিজিটাল ও আদর্শ ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছেন তারা। এখানে রয়েছে বহু নাগরিক সেবার ঘাটতি। বিশেষ করে লালবাগে রোডে বেশির ভাগ সময় যানজট লেগে থাকে। অটোরিকশার প্রধান্য বেশি এখানে। বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে রাস্তায় পানি জমে। ইয়াবাসহ বিভিন্ন মাদকের আখড়া রয়েছে বিভিন্ন এলাকায়।

এ ওয়ার্ডে এবার আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়া হয়েছে বর্তমান কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের ছোটো ভাই মকবুল হোসেনকে। তিনি লালবাগ থানা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

মকবুল হোসেন বলেন, আমি বর্তমান কাউন্সিলরের উন্নয়নমূলক কাজগুলো সমাপ্ত করতে চাই। একটি ডিজিটাল ওয়ার্ড গড়ে তোলার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। বিশেষ করে একটি মাদকমুক্ত এলাকা গড়তে চাই। জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের পাশে থাকব। এই ওয়ার্ডে আওয়ামী লীগের আরেকজন বিদ্রোহী প্রার্থী হলেন স্বেচ্চাসেবক লীগের সাবেক নেতা মোহাম্মদ আলাউদ্দিন। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।

এই ওয়ার্ডে বিএনপি থেকে সমর্থন দেওয়া হয়েছে সাবেক ছাত্র নেতা ও লালবাগ ওয়ার্ডের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে। তিনি বলেন, আমি বিজয়ী হলে এই এলাকা একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলব। আমার ওয়ার্ড নিয়ে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এই ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন মাসুম আহমেদ। তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।