সাভারে গ্রেফতার সাত মাদক ব্যবসায়ী

অস্ত্র ও মাদক জব্দ

 ইত্তেফাক রিপোর্ট

সাভারের আমিনবাজার এলাকা থেকে সাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১৫শ বোতল ফেন্সিডিল, বিদেশি পিস্তল এবং ওয়ান শ্যুটার গান জব্দ করা হয়েছে। গতকাল শনিবার সকালে আমিনবাজার মমতাজ ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করেন র্যাব-৪ এর সদস্যরা। 

গ্রেফতারকৃতরা হলো মোঃ নাসিরুল ইসলাম, মোঃ শরীফুল ইসলাম, আব্দুল কাইয়ুম, মোঃ সাইরন আলী, মোঃ সাহাবুর ইসলাম, মোঃ আবু সায়েম ও মোঃ শামীম রেজা। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৫শ ৬২ বোতল ফেন্সিডিল, একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহূত একটি ট্রাক, ৬টি মোবাইলফোন এবং মাদক বিক্রির নগদ আট হাজার সাতশত টাকা জব্দ করা হয়।