সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই। গতকাল শনিবার সকাল সোয়া ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষি ও গুণগ্রাহী রেখে গেছেন। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব ও বাকসুর সাবেক ভিপি কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে সারিয়াকান্দি-সোনাতলাসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান। সেখানেই বুকে ব্যথা উঠলে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নানের মেয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আছেন। সেখান থেকে আজ রবিবার রাতে তিনি দেশে ফিরবেন। সে পর্যন্ত আব্দুল মান্নানের মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল সোমবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আব্দুল মান্নানের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা থেকে হেলিকপ্টারে মরহুমের মরদেহ নিজ সংসদীয় এলাকা বগুড়ার সোনাতলায় নেওয়া হবে। সেখানেও নামাজে জানাজা হবে। এরপর সারিয়াকান্দিতে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামে তাকে দাফন করা হবে।

আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তারা পৃথক শোক বার্তায় আব্দুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রলীগের সাবেক এই সভাপতির অবদানের কথা স্মরণ করে বলেন, তার মতো একজন রাজনীতিবিদের মৃত্যুতে আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও একনিষ্ঠ কর্মীকে হারাল। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক বার্তায় বলেন, আব্দুল মান্নান এমপির মৃত্যুতে দেশ একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারাল। ৭৫ পরবর্তী কঠিন সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে নিরলস পরিশ্রম, ত্যাগ ও কষ্ট করে যাওয়া আব্দুল মান্নান এমপিকে জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। এছাড়া গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চীফ হুইপ নূর -ই- আলম চৌধুরী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা প্রমুখ।

জেপির শোক

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। গতকাল শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আব্দুল মান্নান একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি একসময় ছাত্রলীগের নেতা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (বাকসু) ভিপি ছিলেন। তিনি ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তার মৃত্যুতে দেশ একজন ত্যাগী রাজনৈতিক নেতাকে হারাল। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেছে, তার মৃত্যুতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ সারাদেশের কৃষিবিদরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার এই অকাল মৃত্যুতে দেশ ও জাতি সর্বোপরি কৃষিবিদ সমাজের যে অপূরণীয় ক্ষতি হলো তা পূরণ হবার নয়। কৃষিবিদের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শোক জানিয়েছেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রহমান ভুঁইয়া, মহাসচিব মো. খায়রুল আলম (প্রিন্স), সহসভাপতি ডা. মো. মাহবুব আলম (ফারুক), সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান তরফদার, দপ্তর সম্পাদক এম এম মিজানুর রহমান, প্রচার সম্পাদক ড. মো. বেলাল হোসেন, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক এস তাসাদ্দেক আহমেদ, কোষাধ্যক্ষ এম আমিনুল ইসলাম প্রমুখ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদেও জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।