জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বিশ্বকে তাক লাগিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে পদ্মা সেতু নির্মাণ করছেন এবং সেই পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৬টি পিলারের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। কাজেই পদ্মা সেতুর মতো এত বড়ো প্রকল্প যেহেতু বাংলাদেশ বাস্তবায়ন করতে পারে। সেহেতু ভবিষ্যতে এর চেয়েও বড়ো প্রকল্প বাংলাদেশ বাস্তবায়ন করতে পারবে। সেই বিশ্বাস সেই আত্মশক্তি আমাদের আছে এবং সেই আত্মশক্তি যিনি আমাদের দিয়ে গেছেন তিনি আর কেউ নন—আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিবচরের চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ কর্তৃক বাস্তবায়নাধীন এসপিসিপিডি প্রকল্পের আওতায় ‘বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ পরামর্শ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে স্পিকার উপস্থিত স্থানীয় নির্বাচিত মহিলা প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্বাস্থ্যকর্মী, পরিবার পরিকল্পনা পরিদর্শক-পরিদর্শিকা, বিবাহ ও তালাক রেজিস্ট্রার, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় সমাজকর্মীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং সেসব প্রশ্নের উত্তর ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি, জাতিসংঘ আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো, ইউএনএফপিএ প্রতিনিধি ড. আশা টর্কেলসন। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান কর্মশালায় সভাপতিত্ব করেন।
এ সময় জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ এমপি, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক এমপি, ক্যাপ্টেন তাজুল ইসলাম এমপি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু এমপি, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ এমপি, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, মো. নজরুল ইসলাম বাবু এমপি, প্রফেসর ড. হাবিবে মিল্লাত এমপি, মো. ফকরুল ইসলাম এমপি, নাহিদ ইজহার খান এমপি, রাজি মো. ফকরুল এমপি, সুবর্ণা মোস্তাফা এমপি, অপরাজিতা হক এমপি, শবনাম বেগম এমপি, আদিবা আনজুম মিতা এমপিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।
এর আগে সকালে শিবচরের দত্তপাড়ায় বঙ্গবন্ধুর ভাগ্নে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরীর কবর জিয়ারত করেন স্পিকার, চিফ হুইপ ও ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরীসহ একাধিক সংসদ সদস্য। বিকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি শিবচর পৌরসভার অর্থায়নে লালনমঞ্চ উদ্বোধন করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা যোগ দেন।