নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন আতিকুল নির্বাচন না পিছিয়ে এগিয়ে আনলে ভালো হতো: তাপস

নির্বাচন পেছানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। গতকাল রাতে রাজধানীর মিরপুরে নির্বাচনি গণসংযোগকালে নির্বাচনের তারিখ পেছানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। বঙ্গবন্ধু সবসময়ই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি। ধর্ম যার যার উত্সব সবার। বাংলাদেশ হয়ে উঠবে সম্প্রীতির বন্ধনের উদাহরণ; যেখানে সবাই যার যার ধর্ম উত্সবমুখর পরিবেশে পালন করবে—আমরা সেটাই আশা করি। আমরা সবাই সবার ধর্মীয় উত্সব পালন করব, আমার বন্ধুর উত্সবে অংশ নেব—এটাই বাংলাদেশের ঐতিহ্য। তাই নির্বাচনের তারিখ পেছানোকে আমি স্বাগত জানাই।’

এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নির্বাচন না পিছিয়ে বরং এগিয়ে আনলে বেশি ভালো হতো বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার রাতে গোপালগঞ্জ সমিতির একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাপস বলেন, ‘নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি করেছে; কিন্তু সেদিন থেকে এসএসসি পরীক্ষা আরম্ভ হওয়ার কথা ছিল। শিক্ষার্থীদের এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। তার শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। সেখানে একটি প্রস্তুতির ব্যাপার থাকে। পরিবারের প্রস্তুতির ব্যাপার থাকে। তাই আমি মনে করি, নির্বাচনটি না পিছিয়ে যদি এগিয়ে নেওয়া যেত তাহলে আরো ভালো হতো। কারণ শিক্ষার্থীদের এখানে ক্ষতি হবে। এমনিতে নির্বাচনি কার্যক্রমের কারণে তাদের ব্যাঘাত হচ্ছে।’