রাজৈরে ঝুঁকিপূর্ণ ব্রিজ ভোগান্তিতে স্থানীয়রা

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

মাদারীপুরে রাজৈর উপজেলার দুটি ইউনিয়নের বাসিন্দাদের দুর্ভোগের কারণ একটি লোহার ব্রিজ। ব্রিজটি সংস্কার বা মেরামত না হওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে বদরপাশা ও ইশিবপুর ইউনিয়নের বাসিন্দারা। বর্তমানে বাঁশ দিয়ে কোনো রকমে চলছে পারাপার। এতে দুর্ভোগে পড়েছে খালের দুুই পাশের মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয় ও একটি মাদ্রাসার ৫০০ শিক্ষার্থী। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে বয়স্করা। প্রায়ই ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা।

মালেক মিয়া মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের অধ্যক্ষ প্রদীপ কুমার জানান, এ ব্রিজ দিয়ে ৫০০ ছাত্রছাত্রীসহ প্রায় ২ হাজার গ্রামবাসী পারাপার হয়। সংস্কার না হওয়ায় গ্রামবাসীর উদ্যোগে বাঁশ দিয়ে কোনো রকমে জোড়াতালি দেওয়া হয়েছে।

বর্তমানে মোটরসাইকেল বা ভ্যানগাড়ি যাতায়াতও দুরূহ হয়ে পড়ায় ঘুরপথে মালামাল পরিবহন করতে হচ্ছে। এতে বাড়ছে পণ্যের মূল্যও। এতে পণ্য ক্রয়ে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে গ্রামবাসীদের। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ জানান, ব্রিজটি পুনঃনির্মাণে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।