চট্টগ্রামে গণহত্যা মামলার আসামি পক্ষের যুক্তি-তর্ক শুরু আজ

চার আসামির জামিন বাতিল, কারাগারে প্রেরণ

 চট্টগ্রাম অফিস

লালদীঘি ময়দানে আওয়ামী লীগের সমাবেশে গুলি করে ২৪ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। গতকাল রবিবার ভারপ্রাপ্ত বিভাগীয় স্পেশাল জজ মো. ইসমাইল হোসেনের আদালতে এ যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এ সময় আদালতে চার আসামি উপস্থিত ছিলেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, মোস্তাফিজুর রহমান, প্রদীপ বড়ুয়া, শাহ মো. আবদুল্লাহ ও মমতাজ উদ্দিন। তারা সবাই পুলিশ সদস্য। চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী ইত্তেফাককে বলেন, এ মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আজ সোমবার আসামি পক্ষের যুক্তিতর্ক শুনবেন আদালত।

গত ১৪ জানুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মোট ৫৩ জন সাক্ষ্য দিয়েছেন। উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি লালদীঘির ময়দানে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ। সমাবেশে যাওয়ার পথে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার গাড়িবহর লক্ষ্য করে গুলি করে পুলিশ।