কুমিল্লায় ১২ দিনব্যাপী ভিক্ষু পরিবাস মেলা শুরু আজ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় প্রথমবারের মতো আজ সোমবার থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী ভিক্ষু পরিবাস (ওয়াইক) ও ব্যূহচক্র মেলা। জেলার লালমাই উপজেলার আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে এ মেলার উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও মেলা ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা কে এম সিংহ রতন সাংবাদিকদের জানান, ২৪ জানুয়ারি বিকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

৩১ জানুয়ারি বিকালে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভুঁইয়া।