ঘন কুয়াশা গঙ্গাচড়ায় আলু খেতে পঁচন রোগ

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

কয়েক দিনের অব্যাহত ঘন কুয়াশ ও শৈত্যপ্রবাহের কারণে রংপুরের গঙ্গাচড়ায় বিভিন্ন এলাকার আলু খেতে পচন রোগ দেখা দিয়েছে। আলু নিয়ে চরম বিপাকে পড়েছে চাষিরা।

কৃষকরা জানান, অব্যাহত ঘন কুয়াশা ও শীতের কারণে আলুর পাতায় পচন ধরেছে। দু-তিন দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতে হচ্ছে। অনেকে ধার দেনা করে আলু আবাদ করেছে। বৈরী আবহাওয়ার কারণে আলু খেতে মড়ক দেখা দেওয়ায় হতাশ হয়ে পড়েছে তারা। এ রোগটিকে কেউ বলে পচন, কেউ বলে লেট ব্লাইট আবার কেউ বলে মড়ক।

কিসামত হাবু গ্রামের কৃষক বিজয় চন্দ্র বলেন, ‘গতকাল বিকেলে দিখনু ভালো, আজ সকালে দেখং আলু খেতে রোগ ধরছে। প্রায় খেতে পচন ধরেছে। অব্যাহত ঘন কুয়াশা ও শীতের কারণে আলুর পাতায় পচন ধরেছে।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৫ হাজার ৮৪০ হেক্টর লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ হাজার ৭০০ হেক্টর জমিতে আলু চাষ করা হয়েছে। যা গত বছরের চেয়ে ১৪০ হেক্টর কম।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, বৈরী আবহাওয়ার কারণে আলু খেতে পচন রোগ দেখা দিতে পারে। তবে পরিস্থিতি এখনো ভালো আছে। পচন রোধে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।