স্পোর্টস রিপোর্টার
চলতি বছরেই অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। যেখানে প্রথম পর্ব খেলেই মূল আসরে জায়গা করে নিতে হবে বাংলাদেশকে। আইসিসির এই টুর্নামেন্টকে বছরের অন্যতম বড়ো চ্যালেঞ্জ মনে করেন বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো। আসন্ন পাকিস্তান সফর থেকেই বিশ্বকাপের দলের রূপরেখা খুঁজবেন তিনি।
এই সফরে তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ। এরপরও এই বছরে বিশ্বকাপের আগে বেশ কয়েকটি টি-২০ খেলবে টাইগাররা। ডমিঙ্গো ধীরে ধীরে দলটা গুছিয়ে আনতে চান। দলের আকার ছোটো করতে চান। তার আশা বিশ্বকাপে মাহমুদউল্লাহ রিয়াদই বাংলাদেশের নেতৃত্ব দেবে।
পাকিস্তান সফরে বিশ্বকাপের কম্বিনেশন তৈরির দিকে মনোযোগ দেবেন ডমিঙ্গো। গতকাল মিরপুর স্টেডিয়ামে তিনি বলেছেন, ‘এই সিরিজের পর আমরা সম্ভবত দলটা ছোটো করে আনব। সর্বোচ্চ ১৬-১৭ জন খেলোয়াড়কে আমরা দেখব।’ নিরাপত্তার কারণে পাকিস্তানে না যাওয়া মুশফিক অবশ্যই বিশ্বকাপের সমীকরণে থাকবেন। এর বাইরে বর্তমান দলটাকে ছাপিয়ে নতুন কারও আসা খুবই কঠিন।
বিপিএলে টপঅর্ডার ব্যাটসম্যানরাই বেশি ভালো করেছেন। পাকিস্তান সিরিজে তাই অনেক ওপেনারকে খেলতে হবে মিডল অর্ডারে। ডমিঙ্গো বলেছেন, ‘আমাদের দেখতে হবে অন্যরা মিডল অর্ডারে কিভাবে খেলে। ভারতে তিন নম্বরে ব্যাট করা সৌম্য ছয়ে নামতে পারে। রিয়াদ (মাহমুদউল্লাহ) পাঁচে ব্যাট করতে পারে। আফিফ তিন কিংবা চারে নামতে পারে। আমাদের এগুলো (ব্যাটিং অর্ডার ঠিক করার বিষয়) দেখতে হবে। শান্ত আসর ভালোভাবে শেষ করেছে। এখানে অনেক বিকল্প আছে। কেবল দুই জন ওপেন করতে পারবে বাকিদের মিডল অর্ডার পূরণ করতে হবে।’
বর্তমান টি-২০ অধিনায়ক মাহমুদউল্লাহর হাতেই বিশ্বকাপে দলের নেতৃত্ব দেখতে চান এই প্রোটিয়া কোচ। তিনি বলেছেন, ‘আমি আশা করছি সে (মাহমুদউল্লাহ) বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেবে। সে আমার সমর্থন পাবে। ভারতে সে দারুণ করেছে। এখানে আসার পর তার সঙ্গে কাজ করাটা আমি উপভোগ করেছি। সে অনেক পেশাদার। বিশ্বমানের খেলোয়াড় এবং ড্রেসিংরুমে বেশ সম্মান পায়। বিশ্বকাপে আমাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সেই আমার পছন্দ।’
অনেক দিন পর পাকিস্তান সফর দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তামিম ইকবাল। বিপিএলে ৪০০-এর বেশি রান করলেও তার স্ট্রাইক রেট ভালো ছিল না। জাতীয় দলে তার ভূমিকা কেমন হবে, সেটি এখনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন হেড কোচ। তবে ওপেনিংয়ে পার্টনার বুঝেই ব্যাটিংয়ে তামিমের ভূমিকা ঠিক করা হবে।